রাজস্থানের পৌরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের প্রার্থীরা পেলেন মাত্র এক ভোট

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৪

ভারতের রাজস্থানের স্থানীয় নির্বাচনের ফল প্রকাশের পর বেশ কয়েকটি ওয়ার্ডে অস্বাভাবিক ফলাফল সামনে এসেছে। দিদওয়ানা-কুচামান জেলার পারবতসর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী কৈলাশচাঁদ পেয়েছেন মাত্র এক ভোট। অন্যদিকে কংগ্রেসের হিনা খানম ৩৭৬ ভোট নিয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী রশিদ খান পেয়েছেন ১৯৫ ভোট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এই নির্বাচনের ফল প্রকাশ করা হয়।

কৈলাশচাঁদ নিজেই জানিয়েছেন, তাকে ১৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হলেও তার ভোটার তালিকা রয়েছে পাশের ১২ নম্বর ওয়ার্ডে। পিটিআইকে তিনি বলেন, আমি শুধু এক ভোট পেয়েছি। আমার নিজের ভোট ১২ নম্বরে। কেউ একজন ওই ওয়ার্ড থেকে আমাকে ভোট দিয়েছেন।

পারবতসরের ২৫টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ১৩টিতে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরেছে। বাকি ১২টিতে জিতেছে বিজেপি।

একই ধরনের ঘটনা ঘটেছে নাগৌর জেলার রিয়ানবাড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডেও। সেখানে কংগ্রেসের প্রার্থী মাজিদ মোহাম্মদ পেয়েছেন মাত্র এক ভোট। বিজেপির সুনীল কুমার চৌহান জয়ী হয়েছেন আর আরএলপির গজেন্দ্র দ্বিতীয় স্থানে আছেন।

আরও অদ্ভুত ঘটনা ঘটেছে বালতোরার সিন্ধরি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। আরএলপির প্রার্থী ওম প্রকাশ একটাও ভোট পাননি। কংগ্রেসের ভানওয়ারা রাম ১৩৩ ভোট নিয়ে জয়ী হয়েছেন। বিজেপির খেমা রাম পেয়েছেন ৯৩ ভোট।

ওম প্রকাশ ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, তার পরিবারের ১০ জন ভোটার ছিলেন এবং তিনি নিজেও নিজেকে ভোট দিয়েছিলেন। পিটিআইকে তিনি বলেন, ভোট চুরি হয়েছে। ইভিএম সিল করার সময় কংগ্রেসের এজেন্ট ছাড়া অন্য দলের পোলিং এজেন্টদের বাইরে রাখা হয়েছিল। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।

রাজস্থানের ৩০৯টি পৌরসভা ও নগর স্থানীয় সংস্থার এই নির্বাচনে ১০ হাজারের বেশি কাউন্সিলর পদে ভোট হয়েছিল। সোমবার (১৪ সেপ্টেম্বর) ফল প্রকাশিত হয়। বিরোধী দলগুলো অভিযোগ করেছে, ক্ষমতাসীন বিজেপি সরকারি প্রশাসন ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

ইত্তেফাক/এবিএস