সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই বাতিল করে দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারকে প্রশ্ন করার কারণেই কার্ড বাতিল করা হয়েছে—চ্যানেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সাংবাদিকদের এমন অভিযোগ ব্যক্তিগতভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক প্রশ্ন করেন, একটি চ্যানেলের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ ও রিপোর্টাররা জানেন না কেন কার্ড বাতিল করা হয়েছে। সরকারকে প্রশ্ন করার কারণে এটি করা হয়েছে বলে তারা মনে করছেন—এ বিষয়ে আপনার মতামত কী?

জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, উনি কাকে প্রশ্ন করেছেন, আমি জানি না। আপনাদের সবারও তাহলে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া উচিত। আপনারা প্রতিদিন আমাকে যেসব প্রশ্ন করেন, আমি তো ভয়েই থাকি, জানি না টিউসডেতে কী হবে!

তিনি বলেন, ‘শুধু প্রশ্ন করার কারণে এই সরকার কোনও পদক্ষেপ নেবে আমি সেটা মনে করি না।’

তবে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগটি তিনি খতিয়ে দেখবেন বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, তবে নিউজটা আমারও চোখে পড়েছে। আমি অবশ্যই এটা খোঁজ করব, কী হয়েছিল, কেন হয়েছিল।

সরকার সমালোচনা ও প্রশ্নের বিষয়ে সহনশীলতা দেখাচ্ছে দাবি করে তিনি বলেন, ‘সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিয়েও বিপুল পরিমাণ অপতথ্য ছড়ানো হলেও সেগুলোর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার সংকুচিত করা হয়নি।’

ইত্তেফাক/এমএসআর