তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় দ্বিতীয় ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে। এতে অংশ নিতে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ
আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। মোট ৫০ দিনের এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৩০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে মোট ৫০টি ক্লাস থাকবে। এ কোর্সের জন্য কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না।
যারা আবেদন করতে পারবেন
১৮ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে।
আবেদন ও বাছাই প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে নির্ধারিত ওয়েবসাইটে। আবেদনের সময়সীমা ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন সম্পন্ন করার পর এর কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
আবেদনকারীদের মধ্য থেকে প্রার্থী বাছাইয়ের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৯ সেপ্টেম্বর প্রকাশ করার কথা রয়েছে। নির্বাচিতদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও বিষয়টি জানানো হবে।
থাকছে দৈনিক ২০০ টাকা ভাতা
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হবে। এ ছাড়া প্রশিক্ষণের সময় খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।

