মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা গ্রামে নেদারল্যান্ডস প্রবাসী রেদাজের ডুপ্লেক্স বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সংঘটিত এই চুরির ঘটনায় চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি ফ্রিজে থাকা মাছ-মাংসসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে।
প্রবাসী রেদাজের ভগিনীপতি বাহাউদ্দীন জানান, গত সোমবার সকালে চিকিৎসার জন্য বাড়ির মালিক মাওলানা বাসির হোসেন ও তার স্ত্রী ঢাকায় যান। এ সময় বাড়িতে দুই কেয়ারটেকার বিলকিস বেগম ও জ্যোৎস্না বেগম অবস্থান করছিলেন। পরবর্তীতে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কেয়ারটেকার বিলকিস বেগমের স্বামী আনোয়ারের অসুস্থতার কথা বলে জ্যোৎস্না বেগমকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।
এর পরদিন বুধবার সকাল ছয়টার দিকে মাওলানা বাসির হোসেন ও তার স্ত্রী বাড়িতে ফিরে প্রধান গেটের তালা ভাঙা দেখতে পান। ঘরের ভেতরে প্রবেশ করে তারা দেখেন, ডুপ্লেক্স বাড়িটির নিচতলা ও ওপরতলার স্টিল ও কাঠের আলমারির ড্রয়ার ভেঙে চোরেরা নগদ ২ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ল্যাপটপ, চার্জার ফ্যান এবং ফ্রিজে সংরক্ষিত মাছ ও মাংসসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে ফেলে রাখা হয়।
ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, চুরির এই ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

