আগামী মাসের ৩ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে বুধবার সব বিভাগের অধিনায়কদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে সম্মানসূচক ব্যাগি ক্যাপ। এই আয়োজন ও এনসিএলের সার্বিক পরিবর্তন নিয়ে গণমাধ্যমের সঙ্গে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের অধিনায়করা।
২০১২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া অভিজ্ঞ ক্রিকেটার ইয়াসির রাব্বি ঘরোয়া ক্রিকেটে এমন ব্যতিক্রমী আয়োজন নিয়ে নিজের রোমাঞ্চ প্রকাশ করে বলেন, দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এনসিএল নিয়ে কোনো আনুষ্ঠানিকতা বা বিশেষ কিছু দেওয়া হলো, যা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। লাল বলের ক্রিকেটে ব্যাগি ক্যাপের মর্যাদার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটপ্রেমীরা জানেন এই ক্যাপ কতটা সম্মানের। ফার্স্ট ক্লাসে এমন আয়োজন জুনিয়র ক্রিকেটারদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং সামগ্রিকভাবে খেলার মান আরও উন্নত করবে।
সিলেটের অধিনায়ক জাকির হাসান ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার দিকটি তুলে ধরে জানান, একজন খেলোয়াড় যেন শুধু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে নিজের পরিবার চালাতে পারে, বিগত দুই-তিন ধরে তিনি এমনটাই ভাবতেন। নতুন ও উদীয়মান ক্রিকেটাররা যারা জাতীয় দল বা টপ ক্যাটাগরিতে নেই, শীর্ষ স্তরের খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে আর্থিক সুসংহতকরণ প্রয়োজন, বর্তমান ব্যবস্থার মাধ্যমে সেটি এখন সম্ভব বলে মনে করেন তিনি।
এদিকে এনসিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন রংপুরের অধিনায়ক আকবর আলী। তিনি বলেন, বোর্ডের পক্ষ থেকে পারিশ্রমিক বৃদ্ধি প্রতিটি ডমেস্টিক ক্রিকেটারের জন্য দারুণ একটি বিষয়, তবে এর সঙ্গে খেলোয়াড়দের ওপর দায়িত্বও বহুগুণ বেড়ে গেছে। বোর্ড যখন ভালো পারিশ্রমিক দিচ্ছে, তখন প্লেয়ার হিসেবে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার দায়িত্বও আমাদের কাঁধে বর্তায়।

