মাগুরা ও দারোয়ানী টেক্সটাইল মিল পিপিপিতে চালুর সিদ্ধান্ত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

জ্বালানি তেল ও এলএনজি আমদানি এবং রাষ্ট্রায়ত্ত চুক্তির পাশাপাশি বিভিন্ন দেশ থেকে সার আমদানিসহ ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ইউনিপেক চায়না, পেট্রোচায়না ও ইন্দোনেশিয়ার বিএসপি থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া একই প্রস্তাবে জি-টু-জি পদ্ধতি ও আন্তর্জাতিক দরপত্র পদ্ধতির মাধ্যমে ৫০:৫০ অনুপাতে জ্বালানি তেল আমদানির শর্তও শিথিল করা হয়েছে। বৈঠকে স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরবরাহ করবে ‘কাতার এনার্জি ট্রেডিং এলএলসি’। প্রতি এমএমবিটিইউ এলএনজি’র দাম ধরা হয়েছে ‘জেকেএম-০.০২ ডলার’। অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় চারটি পৃথক প্রস্তাবে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে স্থানীয় উত্স থেকে ৭৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার টন মসুর ডাল ক্রয় এবং দুটি প্রকল্পের পূর্তকাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

পিপিপিতে যাচ্ছে দুটি টেক্সটাইল মিল

সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের আগে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে, পৃথক দুটি প্রস্তাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) আওতায় মাগুরা টেক্সটাইল মিল এবং নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে চালু করার লক্ষ্যে বেসরকারি অংশীদার নির্বাচনের জন্য চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া চলতি পঞ্জিকা বর্ষে জি-টু-জি প্রক্রিয়ায় অনুমোদিত পরিমাণের অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল (গ্যাস অয়েল ও জেট ফুয়েল) সেপ্টেম্বর-ডিসেম্বর মেয়াদে আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এনএন