শিক্ষার্থীদের মিড ডে মিলের রুটি পুকুরে, তদন্তের নির্দেশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৯

চাঁদপুরের মতলব পৌর শহরের কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ‘মিড ডে মিল’-এর বানরুটি পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সরকারি খাবারের এমন অপচয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের আয়া লিপি দাসকে সরকারি বানরুটিগুলো পুকুরে ফেলে দিতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় অসন্তোষ তৈরি হয়। দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এমনটা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

ক্ষুব্ধ একাধিক অভিভাবক জানান, শিশুদের পুষ্টির জন্য সরকার যে খাবার বরাদ্দ দিয়েছে, তা শিক্ষার্থীদের না দিয়ে এভাবে পুকুরে ফেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, "রুটি বিতরণের দিন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় কিছু বানরুটি রয়ে গিয়েছিল। সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পুকুরে ফেলে দেওয়া হয়েছে।"

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাই জানান, খবর পাওয়ার পর বিদ্যালয়ে এসে বানরুটিগুলো পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ঘটনার বিস্তারিত তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এসজেএস