বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ মাহমুদ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৫

দোষী প্রমাণিত হলে বিদেশে আরাম-আয়েশে থাকার পরিবর্তে দেশে ১০ বছরের কারাদণ্ড ভোগ করাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, ‘কেউ যদি আমাকে বলে, ১০ বছর জেল খাটবে, নাকি আরামে দেশের বাইরে গিয়ে জীবন কাটাবে—আমি নির্দ্বিধায় ১০ বছর জেল খাটাকেই বেছে নেব।’

দেশ থেকে অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে কথা বলা হচ্ছে, এর মধ্যে তার এক টাকাও দেশের বাইরে পাওয়া গেলে আমি সেদিনই রাজনীতি ছেড়ে দেব। তার ভাষ্য, ‘এক টাকা আসিফ মাহমুদ দেশের বাইরে কোথাও বিনিয়োগ করেছে বা একটা ধূলিকণাও সে দেশের বাইরে কিনেছে’—এমন প্রমাণ দেখাতে হবে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, তার মানসিকতা এমন যে ১০ বছরের কারাদণ্ড অথবা বিদেশে গিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের মধ্যে বেছে নিতে হলে তিনি কারাদণ্ডই গ্রহণ করবেন। তিনি এর কারণ হিসেবে নিজের ‘ন্যাশনালিজমের পাওয়ার’ বা জাতীয়তাবোধের শক্তিকে উল্লেখ করেন।

আসিফ মাহমুদের দাবি, কোনো প্রমাণ ছাড়াই বিভিন্ন বক্তব্য বা ‘ন্যারেটিভ’ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ‘ন্যারেটিভ উৎপাদনের জন্য তো কোনো প্রমাণ লাগে না। উনারা এটাই করতে চাচ্ছেন এবং উনারা এটাই করছেন।’

এ সময় তিনি সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বিষয়গুলো ‘ক্রিটিকাল মাইন্ডসেটে’ বিবেচনার আহ্বান জানান। তার বক্তব্য, ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রশ্নহীনভাবে বিশ্বাস করার সুযোগ নেই। একই সঙ্গে গণমাধ্যমের সংবাদও সমালোচনামূলকভাবে পর্যালোচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

 

 

ইত্তেফাক/এসজেএস