জার্মানির প্রথম দল ঘোষণাতেই ক্লপের চমক, চার ম্যাচের জন্য দুই স্কোয়াড 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০

উয়েফা নেশন্স লিগের চারটি ম্যাচকে সামনে রেখে প্রথমবার জার্মান জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। আর প্রথম দল ঘোষণাতেই চমক দেখিয়েছেন তিনি। দুটি পৃথক স্কোয়াডে তিনি ৪৫ ‍ফুটবলারকে ডেকেছেন। তবে সেখানে জায়গা হয়নি বিশ্বকাপে জার্মানির সর্বোচ্চ গোলদাতা দেনিজ উন্দাভের। 

খেলোয়াড়দের ওপর চাপ কমানো এবং বেশি সংখ্যক খেলোয়াড়কে দেখার সুযোগ তৈরি করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জার্মানির নতুন কোচ ক্লপ। দুটি স্কোয়াড ঘোষণা করলেও কোনো দলকে প্রথম বা দ্বিতীয় সারির হিসেবে দেখতে রাজি নন। ক্লপ বলেন, ‘আমরা কোনো এ বা বি দল তৈরি করিনি। আমরা চারটি ম্যাচই জিততে চাই।’

ক্লপের অধীনে জার্মানি প্রথম ম্যাচ খেলবে ২৪ সেপ্টেম্বর, আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ২৭ সেপ্টেম্বর গ্রিসের বিপক্ষে ঘরের মাঠে খেলবে দলটি। দ্বিতীয় স্কোয়াডের ম্যাচ দুটি সার্বিয়ার বিপক্ষে ১ অক্টোবর এবং গ্রিসের বিপক্ষে ৪ অক্টোবর।

দুটি দলে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে পজিশন, খেলোয়াড়দের বৈশিষ্ট্য, অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে বলে জানিয়েছেন ক্লপ। তিনি বলেন, ‘যত বেশি সম্ভব খেলোয়াড়কে কাছ থেকে দেখতে চাই। মূল কারণ হলো, আমাদের দুই সপ্তাহে চারটি ম্যাচ খেলতে হবে, যা জাতীয় দলের জন্য খুবই অস্বাভাবিক।’

দুটি ভিন্ন স্কোয়াড ঘোষণা করা হলেও একটি ব্যতিক্রম অবশ্য আছে। দুই স্কোয়াডেই রাখা হয়েছে গোলকিপার ফিন দাহমেনকে। প্রথম স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়কে পরের সপ্তাহেও দলের সঙ্গে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জার্মান কোচ।

 

ইত্তেফাক/জেডএইচ