২৪ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের এসব এলাকায়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:০২

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানী ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে তিতাস।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন ও সাভার রেডিও কলোনী এলাকায়ও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময় কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও আশপাশের এলাকাতেও গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকার সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

 

 

ইত্তেফাক/এসজেএস