উত্তর আরব সাগরে দুই দেশের যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় ভারতের প্রতিবাদের একদিন পর পাল্টা প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এ ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১৫ সেপ্টেম্বর আরব সাগরে ভারত ও পাকিস্তানের দুটি যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভারত অভিযোগ করে, পাকিস্তানি একটি জাহাজ তাদের জাহাজকে ধাক্কা দিয়েছে। তবে পাকিস্তানের দাবি, ভারতীয় জাহাজ তাদের জাহাজের খুব কাছাকাছি চলে এলে সংঘর্ষ ঘটে।
ঘটনাটিকে ‘অত্যন্ত উসকানিমূলক ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করে পাকিস্তান সরকার বলেছে, উত্তর আরব সাগরে তাদের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলের’ মধ্যে ভারতীয় জাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজটির সংঘর্ষ হয়।
আন্তর্জাতিক আইনে বিশেষ অর্থনৈতিক জোনকে আন্তর্জাতিক জলসীমা হিসেবে ধরা হয়। যার অর্থ সেখানে কোনো দেশের সার্বভৌমত্বের অধিকার নেই। ফলে ওই অঞ্চলের পাশে যেসব দেশ আছে তাদের অর্থনৈতিক কোনো ক্ষতি না করে যে কোনো বিদেশি জাহাজ ও বিমান চলাচল করতে পারবে। একটি দেশের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরের সামুদ্রিক অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক জোন বলা হয়।
পাকিস্তান সরকার প্রতিবাদে জানিয়েছে, তাদের নৌবাহিনী সেখানে সিস্পার্ক-২৬ নামে একটি দ্বিবার্ষিক মহড়া দিচ্ছিল। ওই সময় অত্যন্ত ঝুকিপূর্ণভাবে ভারতের একটি জাহাজ তাদের জাহাজের কাছে চলে আসে। এতে করে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দেশটি ভারতকে ১৯৯১ সালের চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। যে চুক্তিতে বলা আছে, ভারত ও পাকিস্তানের জাহাজ একেঅপর থেকে তিন নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখবে।
ভারতের নৌবাহিনীর এ কাজ পাকিস্তান কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে দেশটির সরকার বলেছে, ভারত সরকারকে পাকিস্তানের এ বার্তা পৌঁছে দিতে ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্সকে বলা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

