বিএনপি বামের ডাইনে ও ডাইনের বামে মধ্যপন্থার একটি রাজনৈতিক দল উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যে দল বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও সবুজ পাসপোর্টের মর্যাদা রক্ষায় সবসময় বদ্ধপরিকর, তারাই বিএনপি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।
‘ধর্ম নিয়ে রাজনীতি’ প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, সরকার ধর্ম নিয়ে কোনো ধরনের ব্যবসা করতে চায় না। ধর্ম প্রত্যেক মানুষের নিজস্ব বিশ্বাস, শ্রদ্ধা এবং ইহকাল-পরকালের পবিত্র জায়গা। কিন্তু সেই ধর্মকে রাজনৈতিক ময়দানে টেনে এনে মানুষের রক্তপাত ঘটাতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি জানান, বিএনপি সবসময় ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে আসছে।
সকল সম্প্রদায়ের পারস্পরিক সহাবস্থানের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ নিয়ে এগিয়ে যাব, যা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য ভূমি হিসেবে গড়ে ওঠে।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের পেশাগত দায়িত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আইনজীবীদের মধ্যে বিভিন্ন ধর্মের অনুসারী থাকলেও আদালতের সামনে দাঁড়ানোর পর কারো পরিচয় মুসলিম, হিন্দু বা খ্রিষ্টান থাকে না; তখন তাদের একমাত্র পরিচয় তারা ‘কালো কোট পরা আইনজীবী’। একটি সাম্প্রদায়িকতাহীন ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে সমাজ ও পেশাগত জীবনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ ও ইতিবাচক আচরণ করার আহ্বান জানান তিনি।

