জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতের পাড়া বাজারে শিশু মরিয়মসহ এলাকায় ধর্ষণ, মাদক ও শিশু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গজারিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে দিপু হাসান এবং একই গ্রামের আব্দুস সালামের ছেলে ও ছাত্রলীগের সদস্য মিরাজ।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামে ‘যুব সমাজ’ নামের একটি সামাজিক সংগঠনের ব্যানারে স্থানীয় লোকজন মানববন্ধনে অংশ নেন। গত সপ্তাহে শিশু মরিয়ম হত্যাকাণ্ডসহ এলাকায় ধর্ষণ, মাদক ও শিশু নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় পুলিশ মানববন্ধন থেকে দিপু হাসান ও মিরাজকে আটক করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহসীষ রায় বলেন, মরিয়ম হত্যার বিচারের দাবিতে ছাত্রলীগের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। পরে মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

