নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫

ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পেট থেকে অস্ত্রোপচার করে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। এসব বস্তুর মধ্যে ছিল ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও একটি মোমবাতি। প্রায় ২৫ সেন্টিমিটার লম্বা একটি কলমও পাওয়া গেছে তার পেটে। ঘটনাটি দেখে চিকিৎসকেরাও বিস্মিত হয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের পালানাডু জেলার নারসারাওপেটের মাতাশ্রী প্রাইভেট হাসপাতালে ওই নারীকে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। পেটলুরিভারিপালেম গ্রামের বাসিন্দা ওই নারীর বুকে ব্যথা ও তীব্র অস্বস্তি হচ্ছিল বলে জানা গেছে।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় তার পাকস্থলীর ভেতরে বেশ কিছু অস্বাভাবিক বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে।

পরে চিকিৎসক পি রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে একটি সার্জারি দল ওই নারীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে প্রায় এক ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে চিকিৎসকেরা তার পাকস্থলী থেকে একে একে সবগুলো বস্তু বের করে আনেন।

রয়টার্স প্রকাশিত একটি ভিডিওতে অস্ত্রোপচারের পর বের করে আনা বেশ কয়েকটি কলমসহ অন্যান্য বস্তু দেখা যায়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ সেন্টিমিটার।

একটি কলমের ঢাকনাও পাওয়া যায়নি। চিকিৎসকদের ধারণা, এর ফলে ওই নারীর শরীরের ভেতরে কোনো ধরনের আঘাত লাগার আশঙ্কা তৈরি হয়েছিল।

চিকিৎসক রামচন্দ্র রেড্ডিও বলেছেন, কীভাবে তিনি এতগুলো বস্তু গিলে ফেলতে সক্ষম হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

ওই নারীর বাবা জানিয়েছেন, তার মেয়ে প্রায় ১০ বছর ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে দুই মাস আগে তার স্বামী তাকে তালাক দিয়ে চলে যান বলেও জানান তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সূত্র- জিও নিউজ

ইত্তেফাক/এমএসআর