হাজারবার বর্ণবাদের শিকার হয়েছি: ইয়ামাল 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

ফুটবল মাঠে মাঝে মধ্যেই বর্ণবাদের শিকার হন ফুটবলাররা। এমন বাজে অভিজ্ঞাতা রয়েছে স্পেনের ফুটবলার লামিনে ইয়ামালের। জীবনে হাজারবার বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানিয়েছেন এই তরুণ এই ফুটবলার।

মাঠের পারফরম্যান্স দিয়ে মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ইয়ামাল। তবে এই উত্থানের পথে বর্ণবাদী আক্রমণও সহ্য করতে হয়েছে তাকে। ২০২৪ সালের অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে ইয়ামাল, রাফিনিয়া ও আনসু ফাতিকে বর্ণবাদী গালিগালাজের শিকার হতে হয়।

স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারের ইউনিভার্সো ভালদানো অনুষ্ঠানে সাবেক আর্জেন্টাইন ফুটবলার হোর্হে ভালদানোকে দেওয়া সাক্ষাৎকারে বর্ণবাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ইয়ামাল। সরাসরি বর্ণবাদের শিকার হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাজারবার।’

ইয়ামাল বলেন, ‘মানুষ পরোক্ষভাবে আপনার প্রতি বর্ণবাদী আচরণ করে, কিন্তু হয়তো নিজেরাই সেটা বুঝতে পারে না। অনেক মন্তব্য বা দৃষ্টিভঙ্গির মধ্যেই বর্ণবাদ থাকে, অথচ তারা তা খেয়ালই করে না।’

তবে গায়ের রং নিয়ে মন্তব্য করলেই অপমানিত বোধ করেন না ইয়ামাল। তিনি বলেন, ‘কেউ যদি আমাকে কৃষ্ণাঙ্গ বলে, তাতে আমার একটুও খারাপ লাগবে না। শেষ পর্যন্ত আমি কৃষ্ণাঙ্গ, অন্য কোনো বর্ণের তো নই। বিষয়টি হলো, কথাটি ভালোভাবে বলা হচ্ছে, নাকি খারাপভাবে। আমাকে অপমান করার উদ্দেশ্যে বলা হচ্ছে কি না।’ 

ইয়ামাল বলেন, ‘আমি যদি কোনো ম্যাচ খেলি এবং কেউ আমাকে দেখতে টিকিট কেটে মাঠে আসে, তাহলে শুধু আমাকে অসম্মান করেছে বলে আমি রেগে যাব না।’

ইত্তেফাক/জেডএইচ