শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯

জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং ৩৩ কেভি সোর্স লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার সুনির্দিষ্ট কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বেশ কিছু এলাকায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-২ (তালশো) উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের ওপর ঝুলে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উক্ত উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডারে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখা হবে। নির্ধারিত এই কাজের অগ্রগতি সাপেক্ষে বিদ্যুৎ বন্ধের সময়সীমায় কিছুটা তারতম্য হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ফলে যেসকল এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে, সেগুলো হলো— বড়াইগ্রাম পৌরসভা এলাকা, বড়াইগ্রাম ইউনিয়ন, জোনাইল ইউনিয়ন, নগর ইউনিয়নের আংশিক এলাকা ও গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের আংশিক এলাকা। 

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

ইত্তেফাক/এএম