বায়ার্ন মিউনিখের হয়ে ইতিহাস গড়লেন হ্যারি কেইন। দ্রুততম ফুটবলার হিসেবে বুন্দেসলিগায় ১০০তম গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। এই মাইলফলক স্পর্শ করতে ৯৮ ম্যাচ খেলেছেন কেইন। এ ছাড়া মাইকেল ওলিসের হ্যাটট্রিকে ইউনিয়ন বার্লিনকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।
ম্যাচের ১৮তম মিনিটে বক্সের প্রান্ত থেকে শক্তিশালী শটে বায়ার্নকে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। এরপর ৩৮ মিনিটে মাইকেল অলিসেকে বক্সের মধ্যে ফাউল করেন রথ। এতে পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিক থেকে গোলরক্ষকের বাঁ পাশ দিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান কেইন। এই গোলের মাধ্যমে বুন্দেসলিগায় নিজের ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের অধিনায়ক।
বিরতির ঠিক দুই মিনিট আগে ব্যবধান দ্বিগুণের বেশি করে বায়ার্ন। বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে গোল করেন মাইকেল ওলিসে। ফলে প্রথমার্ধ শেষ হয় বায়ার্নের ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধেও চলতে থাকে স্বাগতিকদের আধিপত্য। ৫৪তম মিনিটে ডান দিক থেকে দারুণ একটি ক্রস দেন ওলিসে। সেই ক্রসে শক্তিশালী হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন।
ম্যাচের ৭০তম মিনিটে আসে পঞ্চম গোল। আলফনসো ডেভিসের কাছ থেকে বল পেয়ে ইউনিয়ন বার্লিনের রক্ষণভাগকে কাটিয়ে গোলরক্ষকের মুখোমুখি হন আল-সিবারি। এরপর ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে বায়ার্নের হয়ে নিজের প্রথম গোলটি করেন তিনি।
তিন মিনিট পর আবারও গোল করেন অলিসে। লম্বা থ্রু বল ধরে একা গোলরক্ষকের সামনে গিয়ে তাকে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড। তার শট পোস্টে লেগে জালে জড়ালে বায়ার্নের ব্যবধান দাঁড়ায় ৬-০।
তবে সেখানেই থামেননি ওলিসে। ম্যাচের ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তার গোলেই বায়ার্নের জয় নিশ্চিত হয় ৭-০ ব্যবধানে।

