ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

ময়মনসিংহের নান্দাইলে বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল হেলিম (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার সিংরইল ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আবদুল হেলিম ওই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে। বিদ্যালয়ে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দেওয়াসহ উত্ত্যক্ত করে আসছিলেন প্রতিবেশী আবদুল হেলিম। গত বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন তিনি। যাওয়ার সময় বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতিও দেখানো হয়। পরে মা বাড়ি ফিরলে ঘটনাটি প্রকাশ করে শিশুটি।

ক্ষোভ প্রকাশ করে শিশুটির বাবা বলেন, ‘আবদুল হেলিম জঘন্য প্রকৃতির মানুষ। সে আমার ছোট্ট মেয়েটির জীবনটা শেষ করে দিয়েছে। আমি তার কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই রাতেই অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এনএন