ছুরি উঁচিয়ে রিকশা থামাল দুই ছিনতাইকারী। এরপর যাত্রীর সর্বস্ব একে একে কেড়ে নেওয়ার পালা। কিন্তু বাঁধ সাধল প্যান্টের ডান পকেট! ভেতর থেকে কিছুতেই কিছু বের করতে না পেরে শেষমেশ ধারালো ছুরি দিয়ে যাত্রীর পকেটই কেটে ফেলল এক ছিনতাইকারী। আর অন্যজন তখনো ছুরি ধরে জিম্মি করে রেখেছিল আতঙ্কিত সেই যাত্রীকে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে।
জানা গেছে, দুই ছিনতাইকারী ওই রিকশাযাত্রীর টাকাপয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেন। ছিনতাইয়ের দৃশ্য দেখতে পেয়ে আশপাশের কয়েকজন বাসিন্দা চিৎকার করে উঠলে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান ছিনতাইকারীরা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশাযাত্রীর ডান পকেট থেকে কিছু একটা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন দুই ছিনতাইকারী। এ সময় কিছুক্ষণ পরপর যাত্রীকে বলতে শোনা যায়-‘আরে ভাই, দিতাছি তো’। তবে ওই যাত্রী নড়াচড়া করায় একপর্যায়ে তার বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করতে দেখা যায় এক ছিনতাইকারীকে। এরপর ওই ছিনতাইকারী ছুরি দিয়ে রিকশাযাত্রীর পকেট কাটতে শুরু করেন।
এর মধ্যেই আশপাশের ভবনের ওপর থেকে বাসিন্দারা ‘এই, এই, মার-মার’ চিৎকার শুরু করেন। তখন ছিনতাইকারীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ ঘটনাটি কোন সময়ে ঘটেছে, সেটি নিশ্চিত হতে পারেনি।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনো ভুক্তভোগী থানায় আসেননি। বিষয়টি জানার পর আমরা এলাকায় টহল জোরদার করেছি।’

