আন্তর্জাতিক মূল্যবান ধাতু সংস্থা ইন্টারন্যাশনাল প্রেশাস মেটালস ইনস্টিটিউট (আইপিএমআই) ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল নিউইয়র্ক বার্কলে হোটেলে অনুষ্ঠিত হয়েছে সংস্থাটির ১৩তম বার্ষিক প্লাটিনাম ডিনার।
প্লাটিনাম সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই ব্ল্যাক-টাই গালা ডিনারে বিশ্বের ৩৫০ জনের বেশি শিল্পনেতা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মূল্যবান ধাতু পরিশোধনকারী প্রতিষ্ঠান, ব্যাংক, বাণিজ্য, উৎপাদন ও পুনর্ব্যবহার খাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা।
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল—‘৫০ ইয়ার্স অব কানেক্টিং মেম্বার্স টু দ্য ওয়ার্ল্ড অব প্রেশাস মেটালস’। অনুষ্ঠানস্থলের বিভিন্ন স্থানে এ প্রতিপাদ্য প্রদর্শন করা হয়।
বিশ্ব সম্মেলনে কানাডার প্রতিনিধিত্ব করেন বুলিয়ন মার্ট কানাডার প্রেসিডেন্ট ড. মনিরুজ জামান। টরন্টোভিত্তিক এই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার সহকর্মীদের সঙ্গে প্লাটিনাম, প্যালাডিয়ামসহ মূল্যবান ধাতুর বাজারের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে ড. মনিরুজ জামান বলেন, ‘যারা মূল্যবান ধাতুর ভবিষ্যৎ গঠন করছেন, তাদের পাশে থেকে আইপিএমআইয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করতে পারা অত্যন্ত সম্মানের।’
আইপিএমআইয়ের তথ্য অনুযায়ী, প্লাটিনাম ডিনার মূল্যবান ধাতু শিল্পের অন্যতম প্রধান স্পন্সর-সমর্থিত আয়োজন। এতে এ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত আইপিএমআই বিশ্বব্যাপী মূল্যবান ধাতু শিল্পসংশ্লিষ্টদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে কাজ করে আসছে।
সন্ধ্যার আয়োজনে ছিল আইপিএমআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ মঞ্চ ও ব্র্যান্ডিং, বিএএসএফ ও ব্রিংকসসহ প্লাটিনাম স্পন্সরদের করপোরেট টেবিলে গালা ডিনার, ইন্টারকন্টিনেন্টাল বার্কলে হোটেলের মঞ্চে মূল বক্তব্য, নেটওয়ার্কিং রিসেপশন এবং গ্রুপ ফটোসেশন।

