সিরাজগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ট্রাকটির চালক ও সহকারী কাউকেই সেখানে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে।

ইত্তেফাক/এএইচপি