যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত না মানা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
গালিবাফ বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের শর্ত পূরণ, দেশটির বৈধ অধিকারকে স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না। একই কারণে আলোচনাও আগের পর্যায়ে ফিরবে না বলে জানান তিনি।
তিনি বলেন, ‘যতক্ষণ আমাদের শর্তগুলো পূরণ না হবে, ইরানিদের বৈধ অধিকারকে স্বীকৃতি না দেওয়া হবে এবং মার্কিনিরা তাদের প্রতিশ্রুতি পূরণ না করবে, ততক্ষণ হরমুজ তার পূর্বের অবস্থানে ফিরে যাবে না।’
গালিবাফ আরও বলেন, একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা প্রতারণার মাধ্যমে সমাধানের পথ বন্ধ হয়ে গেছে। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত দেশটি তার অবস্থান পরিবর্তন করবে না বলেও জানান তিনি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর প্রায় ৪০ দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং দুই দেশের মধ্যে একটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে পরবর্তী সময়ে আবারও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ওই চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত মেনে আগের অবস্থানে ফিরলে তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।
সূত্র: আলজাজিরা

