নরসিংদীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৭:২৫

নরসিংদী সদর মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার দুপুরে আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের একটি বাড়ি থেকে ১৪০টি টেঁটা, ৬২ টি ককটেল এবং ৫ টি রামদা উদ্ধার করেছে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে জাকির হোসেন এবং হাসান পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে সোমবার ভোরে উভয় পক্ষ উত্তেজিত হয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর অতর্কিত হামলা চালায় এবং ২০/২৫ টি বাড়ির ক্ষতি করে। এ সময় ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 

খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্তিত হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় খোদাদিলা গ্রামের আলাউদ্দিনের বাড়ির উত্তর ভিটার চৌ-চালা টিনের ঘরের পূর্ব পাশ থেকে ১৪০টি টেঁটা এবং বারান্দার পশ্চিম পাশের রুমের খাটের উপর থেকে ছোট-বড় ৮ টি বালতির মধ্যে লাল, কালো ও হলুদ রঙের টেপ দিয়ে মোড়ানো ৬২টি ককটেল এবং ৫ টি রামদা উদ্ধার করে। পরে উর্দ্ধতন কর্তপক্ষকে অবহিত করলে ঢাকা মেট্টোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে এসে এলাকার দূরবর্তী ফাঁকা জায়গায় ককটেগুলো নিষ্ক্রিয় করে।

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী শহর ফাঁড়িতে এক প্রেস ব্রিফিংয়ে নরসিংদীর নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, চরাঞ্চলের পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে এবং এ ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর বিভাগ) বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, জেলা গোয়েন্দা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: ডাকসু ভিপির ওপর হামলা: বিচার দাবি ঢাবি শিক্ষার্থীদের

নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও সতর্ক নজরাধীন রয়েছে বলে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম জানিয়েছেন।

ইত্তেফাক/কেকে