পিটিআইয়ের পদযাত্রার আগেই 

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে পদযাত্রার ঘোষণা দিয়েছে পিটিআই। এই বড় কর্মসূচির আগেই লাহোর থেকে তার বোনকে গ্রেপ্তার করা হলো।

লাহোর জেলা প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, আলিমা খানকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন দাবি করেছে, জনসমক্ষে তাঁর উপস্থিতি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে ইসলামাবাদ অভিমুখে প্রতিবাদ পদযাত্রার পরিকল্পনা করেছে পিটিআই। এর আগে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই পদযাত্রা ঠেকাতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি এই গ্রেপ্তারকে ‘অত্যন্ত ন্যাক্কারজনক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ২৭ সেপ্টেম্বরের পদযাত্রা নিয়ে সরকারের ভয় ও আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে। এই গ্রেপ্তার তারই প্রমাণ।

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/এবিএস