মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ইরানের জন্য পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসার ‘দরজা খোলা রয়েছে’ বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। রোববার (২০ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এক খবর জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে মাইক ওয়াল্টজ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ট্রাম্প প্রশাসন মনে করে সময় তাদের পক্ষে রয়েছে। তবে পুনরায় আলোচনার শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি সংক্রান্ত খবরকে কাল্পনিক বলে তিনি উড়িয়ে দেন।
ওয়াল্টজ উল্লেখ করেন, ১৯৭৯ সালের পর ইরানি সরকার বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির মুদ্রা ধস ও অর্থনৈতিক সংকটে তারা দিন দিন আরও দুর্বল হচ্ছে। ওয়াশিংটন আশা করছে যে ইরান শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে আলোচনায় ফিরে আসবে।
গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে এক নতুন ধরনের বহুপাক্ষিকতা উল্লেখ করে ওয়াল্টজ জানান, ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের ২৭ অক্টোবরের নির্বাচনের পর আলোচনা এগোতে পারে। পরিকল্পনাটিতে ফিলিস্তিনি প্রযুক্তিবিদদের শাসন, পুনর্গঠন এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রস্তাব রয়েছে, যদিও হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলি প্রত্যাহারের আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আব্রাহাম আকর্ডসে যোগ দিতে নতুন সদস্য আগ্রহী রয়েছে বলে জানান ওয়াল্টজ, পাশাপাশি চলতি মাসের শুরুতে ইসরায়েল ও মরক্কোর রাষ্ট্রদূত বিনিময়ের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।
এছাড়া ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির ইরানি সমর্থিত মিলিশিয়াদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার চেষ্টাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ইরানের দুর্বল পরিস্থিতির কারণে এই প্রভাব কমানোর সুযোগ তৈরি হতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি

