সাময়িক বিভ্রাটের পর মেটার মালিকানাধীন জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা স্বাভাবিক হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রে দেশটির কয়েক হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ ও ব্যবহারে সমস্যার মুখে পড়েন।
অনলাইন বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে সমস্যার সূত্রপাত হয়। একপর্যায়ে ফেসবুকে সমস্যা নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি ব্যবহারকারী ডাউনডিটেক্টরে অভিযোগ জানান।
তবে রাত ১০টার পর থেকেই অভিযোগের সংখ্যা দ্রুত কমতে থাকে। এতে বোঝা যায়, অল্প সময়ের মধ্যেই প্ল্যাটফর্ম দুটির সেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
কী কারণে এই বিভ্রাট ঘটেছিল, সে বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি।
ডাউনডিটেক্টর মূলত ব্যবহারকারীদের সরাসরি পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে বিভ্রাটের পরিসংখ্যান তৈরি করে। ফলে প্রকৃতপক্ষে কতসংখ্যক মানুষ এই সমস্যায় পড়েছেন, তার সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি।
এর আগে গত জুলাই মাসেও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট হয়েছিল। সে সময় সর্বোচ্চ চার হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী এবং প্রায় তিন হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী প্ল্যাটফর্মের কারিগরি ত্রুটির কথা জানিয়েছিলেন।

