চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৬

চট্টগ্রাম নগরের বাদুরতলা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র ও ভিডিও বিশ্লেষণ করে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আরকান সড়কের ওই এলাকায় মিছিলটি হয়। মিছিলটি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে হয়েছে বলে দাবি করা হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়। ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাদুরতলা এলাকার একটি সড়ক থেকে ২০ থেকে ৩০ জন কিশোর ও যুবক একটি ব্যানার নিয়ে মূল সড়কে উঠে আসছেন।

ভিডিওতে মিছিলটির সামনে চারজনকে নেতৃত্ব দিতে দেখা যায়। প্রায় এক মিনিট ধরে বিভিন্ন স্লোগান দেওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পাঁচলাইশ থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, ভিডিওটি খুব সম্ভবত সকালের। বিষয়টি পুলিশের নজরে এসেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমএসআর