জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় ইতোমধ্যে মুষলধারে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতি যেকোনো সময় আরও খারাপ হতে পারে। হঠাৎ বন্যা ও মারাত্মক ভূমিধসের আশঙ্কা রয়েছে।
শনিবার থেকেই ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় এলাকাগুলোতে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এ কারণে টোকিও থেকে কিছুটা দূরে ওশিমা শহরে সবচেয়ে কঠিন ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে।
ঝড়ের প্রভাবে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। আইচি প্রশাসনিক অঞ্চলে চলমান এশিয়ান গেমসের ঘোড়দৌড় প্রতিযোগিতা স্থগিত করে মঙ্গলবারে পিছিয়ে দেওয়া হয়েছে। এমনকি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির। কিন্তু ঝড়ের কারণে তার বিমান ছাড়তে চার ঘণ্টা দেরি হচ্ছে।
আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ঝড়ের মেঘ এক জায়গায় আটকে গিয়ে একনাগাড়ে প্রচুর বৃষ্টি নামতে পারে। এ ধরনের ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হলে মুহূর্তের মধ্যেই এলাকা প্লাবিত হয়ে যেতে পারে।
এ বছর বিশ্বজুড়ে তীব্র খরা, বৃষ্টি ও বন্যার যে ধ্বংসলীলা চলছে, জাপানের এই দুর্যোগ যেন তারই আরেকটি রূপ।
সূত্র: রয়টার্স

