গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানী ঢাকার দক্ষিণ পাইকপাড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশ এবং এর পার্শ্ববর্তী অন্যান্য এলাকা।
এছাড়া উল্লিখিত এলাকার আশপাশের অঞ্চলে উক্ত সময়ে গ্যাসের স্বল্পচাপ বা লো-প্রেসার বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

