পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১৭.৮° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৭° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, অবস্থানস্থল থেকে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্র সংলগ্ন এলাকায় সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো ছাড়াও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌযানের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি অবস্থান করে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

