সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা থেকে সড়কপথে মরিয়ম খাতুনের মরদেহ নিয়ে স্বজনেরা রাত আনুমানিক ১২টার দিকে সাতক্ষীরার গাবুরায় পৌঁছান। সেখানে পৌঁছানোর আগেই পারিবারিকভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে রাত ১২টা ৪৫ মিনিটে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে মরিয়মের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

