জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, মৃত্যু ২

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘টাইফুন দুজুয়ান’ জাপানে আঘাত হানার পর ১৬ লাখেরও বেশি বাসিন্দার জন্য স্থানান্তরের পরামর্শ জারি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কিয়োদো নিউজের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে ২ জনের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।

সোমবার জাপানের রাজধানীর কাছের কাাৎসুরা এলাকা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটারে পৌঁছালে হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে মঙ্গলবার ভোরের দিকে কিছুটা দুর্বল হয়ে ঝড়টি উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জের সমুদ্রের দিকে সরে যেতে শুরু করেছে বলে জানায় জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

জেএমএ-র কর্মকর্তা তাকুয়া হোসোমি জানান, টাইফুনটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সতর্কবার্তা থাকা অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকার ঝুঁকি রয়েছে। সোমবার ঝড়ের কারণে জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে অসংখ্য যাত্রী আটকা পড়েন। একই সঙ্গে টোকিও ও ওসাকার সংযোগকারী বুলেট ট্রেন সহ বেশ কিছু রেল পরিষেবা বন্ধ রাখে জাপান রেলওয়ে।

বৃষ্টিপাত ও বাতাসের তীব্রতার বিষয়ে জেএমএ সতর্ক করে বলেছিল, মঙ্গলবার পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ সেপ্টেম্বরের গড় বৃষ্টিপাতকে অতিক্রম করে রেকর্ড ভাঙতে পারে। ঐতিহাসিক স্থান কামাকুরা স্টেশন এবং টোকিওর পূর্বাঞ্চলীয় ইচিকাওয়ার সড়কগুলো পানিতে তলিয়ে যায়। কামাকুরার মেয়র তাকাসি মাতসুও গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ জানিয়ে সবাইকে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রতিকূল আবহাওয়ার কারণে টোকিও গেম শো, একটি প্রধান আউটডোর মিউজিক ফেস্টিভ্যাল এবং চিবাতে নির্ধারিত একটি বেসবল ম্যাচ বাতিল করা হয়। সাধারণত গ্রীষ্মের শেষ ও শরতের শুরুতে জাপানে প্রায়ই আঘাত হানা এই টাইফুন দুজুয়ান হলো চলতি বছরের ২৫তম শক্তিশালী ঘূর্ণিঝড়।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ