জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: আরাগচি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৬

বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার কারণে জাতিসংঘের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা পুরোপুরি হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এই কথা জানান

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর চাপিয়ে দেওয়া এক যুদ্ধের চরম উত্তেজনার মধ্যেই তারা এই সফরে এসেছেন। এই বৈশ্বিক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ইরানি জনগণের আইনি অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’ রাখা হয়েছে উল্লেখ করে আরাগচি বলেন, এতেই স্পষ্ট প্রমাণিত হয় যে আন্তর্জাতিক শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ওপর থেকে বিশ্ববাসীর আস্থা বিলুপ্ত হয়েছে।

তিনি অভিযোগ করেন, কিছু দেশ নিজেদের আন্তর্জাতিক আইন ও মানবিক বিবেকের ঊর্ধ্বে মনে করে ইচ্ছামতো অপরাধ চালিয়ে যাচ্ছে এবং তাদের স্বজনপ্রীতির কারণে ইসরায়েল ছাড় পাচ্ছে। অন্যদিকে মানবাধিকারের দাবিদার পশ্চিমা দেশগুলো এসব অপরাধের বিরুদ্ধে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে।

সূত্র: ডন

ইত্তেফাক/টিএইচ