যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৫

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নির্মাণকাজ চলাকালে দুর্ঘটনাবশত একটি ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এতে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাতটার দিকে নিউইয়র্কের নেওয়ার্ক বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট বাতিল এবং ৯৭টি বিলম্বিত হয়। ফিলাডেলফিয়া বিমানবন্দরে বাতিল হয় ৬৩টি এবং বিলম্বিত হয় ১৮৯টি ফ্লাইট।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এক্সে জানিয়েছেন, সন্ধ্যা সাতটার মধ্যে লাগার্ডিয়া ও ফিলাডেলফিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হলেও নেওয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়।

তিনি বলেন, নিউ জার্সিতে অ্যামট্র্যাকের এক নির্মাণ দল ভুলবশত ফাইবার লাইন কেটে ফেলায় টেলিযোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এর জেরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) উত্তর-পূর্বাঞ্চলে ফ্লাইট চলাচল স্থগিত করতে বাধ্য হয়।

নতুন এয়ার ট্রাফিক প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, সোমবারের বিপর্যয়ের পেছনে দুটি সমস্যা ছিল। প্রথমে প্রাথমিক টেলিকম লাইনে ত্রুটি ধরা পড়ে। পরে দেখা যায়, ব্যাকআপ ফাইবার লাইনটিও কেটে গেছে।

বেডফোর্ড জানান, নির্মাণকাজের ভুলে ব্যাকআপ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। দুপুরের মধ্যে প্রাথমিক যোগাযোগ ব্যবস্থা সচল হবে বলে আশা করা হচ্ছে। তবে ব্যাকআপ লাইন মেরামতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে।

ইত্তেফাক/এবিএস