দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর শুনানি শেষে এই আদেশ দেন।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আদালতে জমা দেওয়া দুদকের আবেদনে বলা হয়, আবু হেনা রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ বিভিন্ন মাধ্যমে হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হওয়ার আগেই এই সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অনুসন্ধানের স্বার্থে হিসাবগুলোতে থাকা অস্থাবর সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

