‘রিটেনে পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৯

এই গ্রামের অনেকেই রিটেনে পাস করেছে কিন্তু ভাইভাতে এলাউ হয়নি। এখন থেকে রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আমার কাছে আসবা। যেখানে গেলে চাকরি পাবা সেখানে আমি ফোন করে দিব-এমনটাই পরামর্শ দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার সেখানে কইরা দেব।’

মূলত স্থানীয় চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করার আহ্বান জানাতে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইত্তেফাক/এনটিএম