মেয়েকে হত্যা ও লাশ গুমের সাড়ে তিন মাস পর মুখ খুললেন মা, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৩

দিনাজপুরে চার বছরের শিশু রাকিবা আক্তার রুহীকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন মা ও পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির মা জিন্নাতুন, প্রেমিক রিপন টুডু (৪৫) এবং সহায়তাকারী রিপনের ভাগনে সুজন টুডুকেও (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর সদর উপজেলার নশিপুর জামতলী এলাকার একটি নারকেল বাগান থেকে শিশুটির গলিত মরদেহ উদ্ধার করা হয়। এর মাধ্যমে প্রায় সাড়ে তিন মাস আগের ওই ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। জিন্নাতুনের করা লিখিত অভিযোগ মামলা হিসেবে নিয়ে তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিয়ের আশ্বাসে মোছা. জিন্নাতুনকে তার চার বছরের মেয়ে রাকিবা আক্তারসহ নিজ বাড়িতে নিয়ে যান রিপন টুডু। বিয়ে না করেই স্বামী-স্ত্রীর মতো বসবাস করছিলেন তারা। অভিযোগ, বিয়ের জন্য চাপ দিলে জিন্নাতুন ও তার মেয়েকে প্রায়ই মারধর করতেন রিপন। একদিন শিশুটিকে জানালার সঙ্গে বেঁধে মারধর করা হয়। এতে শিশুটির মৃত্যু হলে মরদেহ বাড়ির পাশের একটি বাগানে মাটিচাপা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, নতুন সম্পর্কে বাধা মনে করায় গত ৫ জুন শিশুটিকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশের নারিকেল বাগানে মাটি চাপা দিয়ে পুঁতে রাখা হয়। এ কাজে রিপন টুডু ও জিন্নাতুনকে সহযোগিতা করে তাদের আত্মীয় সুজন টুডু। ঘটনা আড়াল করতে শিশুটির মরদেহ পুঁতে রাখার পাশেই একটি কুকুর হত্যা করে মাটি চাপা দেওয়া হয় বলেও জানিয়েছে পুলিশ।

শিশুটির মা জিন্নাতুন, প্রেমিক রিপন টুডু গ্রেপ্তার।

জিন্নাতুনের বাড়ি সদর উপজেলার খোসালপুর গ্রামে। ১৭ সেপ্টেম্বর তিনি পার্শ্ববর্তী গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের যুবক রিপন টুডুসহ সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে তাকে মারধর ও রাকিবাকে হত্যার অভিযোগ করেন জিন্নাতুন।

রিপন টুডু (৪৫) জামতলী এলাকার মৃত নেপাল টুডুর ছেলে। পেশায় দিনমজুর। স্থানীয় লোকজন তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছেন।

রাকিবাকে হত্যার খবর জানাজানি হলে রিপন বাবার বাড়ি থেকে জিন্নাতুনকে তুলে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এরপর দুজনই আত্মগোপনে চলে যান। তাঁদের গ্রেপ্তারের দাবিতে গত রোববার স্থানীয় লোকজন রিপনের বাড়িতে ভাঙচুর করেন। পরে বাড়ির আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ রিপুন ও জিন্নাতুনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে জামতলী এলাকায় রিপনের বাড়ির পাশে নারকেলবাগান থেকে রাকিবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে কাহারোল উপজেলার দশমাইল পূর্বসাদিপুর গ্রামের রুবেল ইসলামের সঙ্গে বিয়ে হয় জিন্নাতুনের। তাদের ঘরে জন্ম নেয় রাকিবা। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় ২০২৫ সালের শেষ দিকে তাদের বিচ্ছেদ হয়। এরপর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন জিন্নাতুন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, চলতি বছরের মার্চের দিকে সাঁওতাল যুবক রিপন টুডুর সঙ্গে জিন্নাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে মে মাসে জিন্নাতুন ও তার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যান রিপন। পরে জিন্নাতুন বিয়ের জন্য চাপ দিলে রিপন মা-মেয়ে দুজনকে প্রায়ই মারধর করতেন। গত ৫ জুন মারধরের এক পর্যায়ে রাকিবার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশের নারকেলবাগানে পুঁতে রাখা হয় বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানান।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, শিশুটির মায়ের অভিযোগ পাওয়ার পর থেকেই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছিলেন। গতকাল তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকেই আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন এ হত্যাকাণ্ড ও লাশ গুম করার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জিন্নাতুন পুলিশের কাছে অভিযোগ করেছেন অথচ পুলিশ দেখে পালিয়ে গেছেন। রিপনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন, আবার তার সঙ্গেই আত্মগোপনে যাওয়ার চেষ্টা করেছেন। যেহেতু দুজনই আটক হয়েছেন, অধিকতর জিজ্ঞাসাবাদে প্রকৃত বিষয়টি জানা যাবে। একই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এমএস