ভারতের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলীয় নাম ও প্রতীক নিয়ে বিরোধের জেরে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের পতাকা ব্যবসায়ীরা। আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে কমিশনের নির্দেশে আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘ঘাসফুল’ প্রতীকের ব্যবহার বন্ধ রয়েছে।
এর প্রভাব পড়েছে হাওড়ার উনসানির পতাকা প্রস্তুতকারীদের ব্যবসায়। সেখানে তৃণমূলের জন্য তৈরি করে রাখা হয়েছে কয়েক লাখ ‘ঘাসফুল’ প্রতীকের পতাকা। কমিশনের সিদ্ধান্তের পর এসব পতাকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ব্যবসায়ীরা।
উনসানির বাসিন্দা রাজু হালদারের পরিবার দীর্ঘদিন ধরে পতাকা তৈরির সঙ্গে যুক্ত। রাজনৈতিক দলের পাশাপাশি জাতীয় ও ধর্মীয় বিভিন্ন ধরনের পতাকাও তৈরি করেন তারা। পশ্চিমবঙ্গের বাইরেও তাদের তৈরি পতাকা বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হয়।
রাজু হালদার জানান, তৃণমূল কংগ্রেসের জন্য কয়েক লাখ ঘাসফুলের পতাকা তৈরি করে মজুত রাখা হয়েছিল। এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কারণে এসব পতাকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তার আশঙ্কা, ভবিষ্যতে ঘাসফুল প্রতীক ব্যবহারের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত কী হয়, তার ওপর এসব মজুত পতাকার ব্যবহার ও ব্যবসায়িক ক্ষতির বিষয়টি নির্ভর করছে।
আসন্ন উপনির্বাচনের জন্য তৃণমূলের দুই গোষ্ঠীকেই আলাদা নাম ও প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে আগে থেকে তৈরি করে রাখা ঘাসফুল প্রতীকের পতাকাগুলোর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন উনসানির পতাকা প্রস্তুতকারীরা।

