রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। এর মধ্যে গুলশান থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লাইনওআর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো. নাজমুন নুর।
অন্যদিকে, একই বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বনানী থানার বর্তমান ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

