স্লুইসগেটের নিচে ভাসছিল প্লাস্টিকের ড্রাম, ভেতরে ছিল অর্ধগলিত মরদেহ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৩

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় সুতিয়া নদীর খালের স্লুইসগেটের নিচ থেকে প্লাস্টিকের ড্রামের ভেতর বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাতপরিচয় (৪০-৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ড্রামটি পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

বুধবার দুপুরে বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মরদেহটি পচে যাওয়ায় এবং পাটের বস্তায় ভরে ড্রামের ভেতরে রাখায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরনে কালো প্যান্ট রয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, অন্য কোথাও থেকে মরদেহটি এনে এখানে ফেলে যাওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইত্তেফাক/এএম