দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ৮৬৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ১০৪ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের সর্বোচ্চ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি এলাকায় দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।
অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬২ হাজার ১১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৫৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২৩ দিনে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

