স্যালাইনের ব্যাগে চোলাই মদসহ বিএনপি নেতার ছেলে আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি সাইফুল ইসলাম।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ৩ নম্বর চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাইদুর রহমান সাদ্দাম স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-৮ ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকদাইর গ্রামের হযরত উজির আলী শাহ ঈদগাঁ মাঠের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সাইদুর রহমান সাদ্দামকে আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ১২০টি স্যালাইনের ব্যাগে মোট ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক সাইদুর রহমান সাদ্দামের বাবা মো. ফরিদ মিয়া দাবি করেন, তার ছেলেকে মাদক কারবারিরা ফাঁসিয়েছে। তিনি বলেন, মাদক কারবারিরা বাড়ির পাশে মদ রেখে আমার ছেলেকে ঘটনাস্থলে ফোনে ডেকে নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমি চিকদাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আগামীতে ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ার পাশাপাশি ইউপি নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা করছি। এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ছেলেকে ফাঁসিয়ে মানহানি করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দায়িত্ব পালনরত পুলিশ তার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তাকে মাদকসহ হাতেনাতে আটক করেছে। তার বাবার দাবি নিছক অজুহাত।

পুলিশ জানায়, এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুকের দায়ের করা এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪ (গ) ধারায় করা হয়েছে। মামলার নম্বর ১৩, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি তদন্ত করছেন এসআই (নিরস্ত্র) মো. হাসান আলী শেখ।

ইত্তেফাক/এপি