‘এটা কোন ধরনের কালচার, ফুল দিয়ে বরণ—এসব করবেন না’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে বরণ করার আয়োজন দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং এ ধরনের আয়োজনের কড়া সমালোচনা করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়টির নতুন ছয়তলা ভবন উদ্বোধনের জন্য সেখানে যান প্রতিমন্ত্রী। তবে ফটকে শিক্ষার্থীদের হাতে ফুলের থালা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ক্ষুব্ধ হয়ে বাইরেই অবস্থান করেন এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে না যাওয়া পর্যন্ত ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানান।

এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন শিক্ষকদের সঙ্গে কথা বলে ছাত্রীদের দ্রুত ক্লাসে পাঠানোর ব্যবস্থা করেন। পরে প্রতিমন্ত্রী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিতা রানী বলের সঙ্গে কথা বলেন এবং অসন্তোষ প্রকাশ করে বলেন, "এটা কোন ধরনের কালচার? ফুল দিয়ে বরণ—এসব করবেন না। শিক্ষার্থীরা আমার জন্য দাঁড়িয়ে কেন কষ্ট করবে? এ ধরনের আয়োজন সরকারও পছন্দ করে না।"

শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাওয়ার পর প্রতিমন্ত্রী পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবন এবং পরবর্তীতে পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন পাঁচতলা ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএম