ওমান উপকূলে ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, নিহত ১ 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭

ওমানের পূর্ব উপকূলে ভারতের উদ্দেশ্যে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এমভি কেপ দাও নামের ওই জাহাজে হামলার পর ১৯ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, নিহত নাবিকের নাম সুরজ যাদব। তিনি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা এবং জাহাজে ওয়াইপার হিসেবে কর্মরত ছিলেন। ভারতের দিকে যাওয়ার পথে ওমানের পূর্ব উপকূলে এই হামলার শিকার হয় জাহাজটি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ে হামলার আমরা নিন্দা জানাই। মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা ২০ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক দুঃখজনকভাবে নিহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত ভারতে ফিরিয়ে আনতে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে। এ কাজে সহযোগিতার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভারত।

বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে তারা।

মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। একই সঙ্গে ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে দ্রুত অবাধ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত।

ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই) জানিয়েছে, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে। এর একটি জাহাজের বাম পাশের সি-ডেকে আঘাত করে, যেখানে নাবিকদের থাকার জায়গা ছিল। অন্য টর্পেডোটি ইঞ্জিন কক্ষের কাছে জাহাজের বাম পাশের কাঠামোয় আঘাত করে।

ইউনিয়নটি জানিয়েছে, জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন ভারতীয় নাগরিক। তবে ওমানে থাকা ভারতীয় দূতাবাসের দেওয়া ১৯ জন ভারতীয় নাবিকের সংখ্যার সঙ্গে এ তথ্যের পার্থক্য রয়েছে।

এক বিবৃতিতে এফএসইউআই বলেছে, এ অঞ্চলে নাবিকদের নিরাপত্তার যে আশ্বাস দেওয়া হয়েছিল, এই হামলার পর তা অর্থহীন হয়ে পড়েছে। সংগঠনটি বলেছে, হরমুজ প্রণালি ও এর আশপাশে নিরপরাধ বেসামরিক নাবিকদের হত্যা করা হচ্ছে।

এ ঘটনার দ্রুত জবাবদিহির পাশাপাশি ওই সমুদ্রসীমায় নাবিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া সুরজ যাদবসহ সেখানে থাকা প্রতিটি ভারতীয় নাবিকের জন্য ন্যায়বিচারের আহ্বান জানানো হয়।

ইত্তেফাক/এবিএস