চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন চলছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা নতুন উপাচার্যের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এবং অধ্যাপক সায়েমকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে এতে অংশ নেন।
‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’, ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—এমন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন তারা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি খোলা চিঠিও পাঠানো হয়।
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।
শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। মানববন্ধন শেষে তারা র্যালি করে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন।
এদিকে বুধবার থেকে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচি আজও চলছে। শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কথা রয়েছে।
শিক্ষার্থীদের এ কর্মসূচির কারণে তৃতীয় দিনের মতো চুয়েটে সর্বাত্মক শাটডাউন অব্যাহত আছে।

