ছেলেদের সাঁতারে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জাপানের ১৭ বছর বয়সী তরুণ শিন ওহাশি। চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এই কীর্তি গড়েছেন তিনি। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ওহাশি সময় নিয়েছেন ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড, যা আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড কম।
এর আগে ২০২৩ সালের ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের কিন হাইইয়াং ২ মিনিট ৫.৪৮ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন। ওহাশিই প্রথম পুরুষ সাঁতারু, যিনি ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৫ সেকেন্ডের কম সময় নিলেন।
সোনা জয়ের পর ওহাশি বলেন, ‘বিশ্ব রেকর্ডই আমার লক্ষ্য ছিল। সেটি অর্জন করতে পেরে আমি খুব খুশি। সমর্থকদের, পরিবারকে এবং যারা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ।’
এই ইভেন্টে রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ। তিনি ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিলেন। আর দক্ষিণ কোরিয়ার চো সঙ জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

