আপাতত ফাইনাল নিয়ে ভাবছে না মালয়েশিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালয়েশিয়া। তাই তাদের ভাবনায় এখন শুধুই বাংলাদেশ ম্যাচ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসেন মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন কোচ তান চেং হো। তিনি স্পষ্ট করে জানান, দলের ভাবনায় এখন শুধুই বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয় সেটিও মনে করিয়ে দিয়ে চেং হো বলেন, ‘যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচই কঠিন। তাই আমরা এই ম্যাচটিতে পুরোপুরি মনোযোগ দিচ্ছি।’
মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি দাতুক আব গনি হাসান দলকে আসিয়ান কাপের ফাইনালে দেখতে চান। তবে সেই লক্ষ্যকে চাপ হিসেবে না নিয়ে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চেং হো।
চেং হো বলেন, ‘নতুন সভাপতির দেওয়া লক্ষ্যকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ফুটবলারররা এই প্রথম ফিফা আসিয়ান কাপে খেলতে মুখিয়ে আছে। ফুটবলে প্রতিটি ম্যাচ ও প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের বিপক্ষে ভালো ফল দিয়ে শুরু করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘স্কোয়াডের ২৩ ফুটবলারই বাংলাদেশ ম্যাচের জন্য প্রস্তুত। সবাইকে একসঙ্গে পেয়ে আমরা খুশি। সবাই প্রস্তুত আছে। যদিও দল ঘোষণার পর গত কয়েক দিনে দুর্ভাগ্যজনকভাবে তিনজন খেলোয়াড়কে বদলাতে হয়েছে।’

