সুনামগঞ্জ

নদীর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নের চাঁনপুর গ্রামে দুপক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক গ্রামবাসী আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার  (২৪ সেপ্টেম্বর) সকালে কাপনা নদীর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে সাবেক মেম্বার কমর উদ্দিন এবং মশক আলীর ছেলে রুশমত আলী পক্ষের লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে একপক্ষ চাঁনপুর গ্রামের কাপনা চলতি নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে অন্যপক্ষ বাঁধা দেয়।এর জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র ও ইট-পাটকেল নিয়ে গ্রামের রাস্তায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত  হয়েছে  বলে জানা গেছে।

আহত রবি আলী (৫৫), জালু মিয়া (৫০), ইসলাম উদ্দিন (৫৫), মুজিবুর রহমান (৫০), ময়নুল হক (২৭), আব্দুল আজিদ (২৮), ইকবাল হোসেন (৩১), নজরুল হক (২৬), তোফাজ্জল হোসেন (৪০), আবুল বশর (৪৫), তোফায়েল আহমেদ (২২), সুয়েব আহমদ (২৬), এমদাদুল ইসলাম (১৮) রাজ উদ্দিন (৩৫), আঙ্গুর আলম (২৫), সাজু উদ্দিন (৩৫), মুজাম্মিল আলী (৩৫), হেলাল মিয়া (৪০), তারিছ মিয়া (৪৪), ফারুক মিয়া (৫০), সৈয়দ আহমদসহ (৫০) আহত অন্তত ৩০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। থানায় অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি