দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো—সরকারের এমন বক্তব্যের সঙ্গে সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার মিল নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘সরকারি দল, যখন যে সরকারে থাকে, আইসাই বলে যে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘সরকারি দল, যখন যে সরকারে থাকে, আইসাই বলে যে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো। আমি সংসদে কথাটা বলেছি, ওই আগটাকে বুঝলাম না, আর ভালোটাও দেখলাম না। আপনি ভালো বলবেন। পথে–ঘাটে, রাস্তায় বিভিন্ন জায়গায় ঘরে–দুয়ারে যা ঘটতেছে, ভালো বলবেন?’
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘একটা ছেলে কিছুদিন আগে মারা গেলে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাহিদা ম্যাডামের ছেলে; এখন তাকে দুষ্টু বানানোর চেষ্টা করা হচ্ছে। এটা দায়িত্ব এভয়েড করার চেষ্টা করা হচ্ছে। সে দুষ্ট হলে এভাবে মারবে তারে? সে যদি দুষ্ট হয়ে থাকে, তাহলে তাকে ভালো করার চেষ্টা করেছি আমরা? এখন তার দায়িত্ব এড়িয়ে চলা, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে ফেলে দেওয়া, এটা কোনো ভালো লক্ষণ নয়।’
মাদক ও অস্ত্রের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে তিনি বলেন, ‘সবার ব্যাপারে খবর রাখেন, শুধু নিজেরটা পারেন না। তার একই রাজনৈতিক দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “মাদকের বড় চালান আসে উনার এলাকা থেকে। আমরা বলিনি।
চাঁদাবাজির প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সিলেটে চাঁদাবাজি নেই—এমনটা বলা যাবে না। গণমাধ্যম স্বাধীনভাবে এসব বিষয় তুলে ধরতে পারলে প্রকৃত পরিস্থিতি সামনে আসবে। গণমাধ্যমের স্বাধীনতা তিনি বলেন, সাংবাদিকেরা অনেক সময় চাপের মধ্যে কাজ করেন এবং অনেক ক্ষেত্রে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও চাপ থাকে।
দুই দিনের সফরে বৃহস্পতিবার সকালে সিলেটে যান শফিকুর রহমান। কয়েকটি দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মতবিনিময় সভা করবেন তিনি।
