দেশের অর্থনীতি বর্তমানে অত্যন্ত মজবুত ও শক্তিশালী অবস্থানে রয়েছে উল্লেখ করে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশি রয়েছে। রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক থাকার পাশাপাশি রপ্তানি আয়ও ক্রমাগত বাড়ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এই সমাবেশের আয়োজন করে। এর আগে শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়।
সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ হওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম বাড়েনি। দীর্ঘ সময়ের মধ্যে এবারই প্রথম রমজান মাসে পণ্যের দাম বৃদ্ধির কোনো রেকর্ড নেই উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলা করেছেন এবং দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়াননি। পার্শ্ববর্তী দেশের সাথে দামের পার্থক্য ও পাচার রোধে সম্প্রতি সামান্য সমন্বয় করা হয়েছে মাত্র। এছাড়া বিরোধী দলের মতামতের ভিত্তিতে সফলভাবে রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রেই সংলাপ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
জুলাই-আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। তবে সংবিধান সংশোধন ছাড়া এই সনদ বাস্তবায়ন সম্ভব নয় বিধায় ইতোমধ্যে সংশোধন কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে বিরোধী দলের জন্য নির্দিষ্ট পদ রাখা হয়েছে উল্লেখ করে তিনি তাদের প্রতি আহ্বান জানান, তারা যেন কমিটিতে এসে আলোচনা প্রক্রিয়ায় অংশ নেন এবং দেশে চিরতরে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রত্যাবর্তন বন্ধ করতে একসঙ্গে কাজ করেন।
